দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কিছু এলাকায় ভারি বর্ষণের শঙ্কা
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানান, মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। পরে এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।
বর্তমানে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর অবস্থা মাঝারি পর্যায়ে থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি বিবেচনায় প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
মতামত দিন