Views Bangladesh Logo

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির স্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বাঁধের এই গেইটগুলো খুলে দেন।

কাপ্তাই বাঁধের গেইটগুলো খোলার আগে লেকের পানির স্তর ছিল সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা (এমএসএল) অনুযায়ী ১০৪.০৯ ফুট। উল্লেখ্য, কাপ্তাই লেকের পানির বিপৎসীমা হলো ১০৮ ফুট এমএসএল এবং লেকটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এ ব্যাপারে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, ১৬টি গেটের প্রত্যেকটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে আনুমানিক ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

তিনি আরও জানান, স্পিলওয়ের জলকপাট পানি ছাড়ার পাশাপাশি জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি উৎপাদন ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরও ৩২,০০০ কিউসেক পানি ছাড়া হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে মোট ৪১,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ