Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুসমান পানি, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বরাত দিয়ে জানা গেছে, ভারী বর্ষনের ফলে নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকার কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এমনকি নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

এদিকে নগরীর রাহাত্তারপুল এলাকার বাসিন্দা খাদিজা জান্নাত সুজন বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বের হয়ে দেখি রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। প্রতি বছর বর্ষায় একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।’

বহদ্দারহাট এলাকার বেসরকারি চাকরিজীবী এস এম গিয়াস উদ্দিন বলেন, ‘সড়কে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে। অনেকে পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।’

নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চান তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ