৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ৫ জেলায় ভূমিধসের আশঙ্কা
সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পাহাড়ি পাঁচ জেলায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মেঘমালার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী ৭২ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা এর বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এতে বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে