নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির আভাস
মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মৌসুমি নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে এলেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। পূর্বাভাসের সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন