মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা
দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার প্রভাব বিস্তারের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মৌসুমী বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার (৬ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
রোববার (৭ জুন) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে আংশিকভাবে একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার (৮ জুন) বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছু এলাকায় সামান্য পরিবর্তিত হলেও সার্বিকভাবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
পরবর্তীতে মঙ্গলবার (৯ জুন) ও বুধবার (১০ জুন) আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ সময় ময়মনসিংহ, ঢাকা, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে