Views Bangladesh Logo

ঢাকাসহ ৪১ জেলায় তাপপ্রবাহ, স্বস্তির বৃষ্টি মিলতে পারে শুক্রবার

রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার নাগাদ তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩ জুন) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রাজশাহী বিভাগের আটটি, রংপুর বিভাগের আটটি এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বৃহস্পতিবারও দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ বজায় থাকতে পারে। শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বুধবার দুপুর ১২টায় রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সিলেটে সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ