Views Bangladesh Logo

১৬ জেলায় তাপপ্রবাহ, রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা

 VB  Desk

ভিবি ডেস্ক

সারা দেশে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি বেড়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।

ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের কয়েকটি এলাকায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের তথ্যমতে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। এ অবস্থায় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, বগুড়া, বদলগাছি, বাঘাবাড়ি, বান্দরবান, রামগতি, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালীসহ বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

অন্যদিকে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। বর্তমানে ঈশ্বরদীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। আর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য এলাকা, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ