ঢাকাসহ ১৮ জেলায় তাপপ্রবাহ
এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন স্থানে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।
সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।
ঢাকার বাইরে তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুরে ৩৭, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলীতে ৩৬, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৬ দশমিক ৪, নেত্রকোনায় ৩৬, সিলেটে ৩৬ দশমিক ১, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৫, খুলনায় ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬, যশোরে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ এবং ফেনীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন ১১ জেলায় তাপপ্রবাহ ছিল। এরপর দুই দিনের বিরতির পর শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। তবে রোববার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় তাপপ্রবাহ কমে যায়। এক দিন পর সোমবার আবারও তাপপ্রবাহ শুরু হলো।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।
এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া এই লঘুচাপটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে। এর প্রভাবে বুধবার বা বৃহস্পতিবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
মতামত দিন