মারা গেলেন হিথ স্ট্রিক
শেষ পর্যন্ত ক্যানসারের বিপক্ষে লড়াইয়ে ‘নট আউট’ থাকতে পারলেন না জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। রবিবার ( ৩ সেপ্টেম্বর) মারা গেছেন তিনি। কোলন এবং লিভার ক্যানসারের কাছে হেরে ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক এই পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার স্ত্রী নাদিনে স্ট্রিক এ তথ্য নিশ্চিত করেছেন। নাদিনে স্ট্রিক ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেন, ‘আজ রোববার সকালের দিকে আমার জীবনের সবচেয়ে বড় ভালবাসা, আমাদের সন্তানদের পিতাকে স্বর্গীয় দূতরা আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। হিথ স্ট্রিক জীবনের শেষ দিনগুলো নিজ বাড়িতে নিজের পরিবারের মানুষদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তিনি সব সময়ই ভালবাসা এবং শান্তিতে আবর্তিত ছিলেন। কখনোই তিনি একা একা হাঁটেননি। আমরা ঘিরে ছিলাম তাকে। আমি আবার তার কাছে না যাওয়া পর্যন্ত আমাদের আত্মা সব সময়ই তার সঙ্গে থাকবে।’ স্পোর্টসস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে হিথ স্ট্রিকের সাবেক সতীর্থ জন রেনিও তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হিথ স্ট্রিক আজ সকালের দিকে তার নিজের ফার্মহাউজ মেটাবেলাল্যান্ডে মৃত্যু বরণ করেন। এ সময় তার পাশে পরিবার এবং ভালবাসার মানুষগুলো উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শান্তিতেই মৃত্যুবরণ করেছেন তিনি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে