Views Bangladesh Logo

তিন জেলায় ভোটে কারচুপির অভিযোগে মামলা, শুনানি আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-২, ৩ ও লালমনিরহাট-১, ২ আসনের জামায়াত প্রার্থী এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী মামলা করেছেন।

এসব মামলার শুনানি মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্ট বিভাগের নির্বাচনি ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

জানা গেছে, বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। এতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে।

তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত জারি করা হয়নি বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ