নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল শুনানি মুলতবি, ফের বুধবার
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি মুলতবি করেছেন আদালত। আগামী বুধবার এই আপিলের শুনানি পুনরায় শুরু হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় শুনানি শুরু হয়। জামায়াতের পক্ষে শুনানি মামলা পরিচালনা করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।
শুনানির সময় আদালত কক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের আপিল শুনানির জন্য মঙ্গলবারের (১৩ মে) তারিখ নির্ধারণ করেছিল। এর আগে ১২ মার্চ জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত আপিলের শুনানি শুরু হলেও এরপর আর কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে