করোনা সংক্রমণ বাড়ায় মাস্ক ব্যবহারের আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ের
দেশে আবারও করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরিধান এবং বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার করা জরুরি। পাশাপাশি বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে'।
স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সতর্কতামূলক এই পদক্ষেপকে সময়োপযোগী উল্লেখ করে বলছেন, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া, স্যানিটাইজার প্রয়োগ এবং ভিড় এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারি সূত্র অনুসারে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হচ্ছে। এ অবস্থায় জনগণের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার, যেন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে