Views Bangladesh Logo

তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই ক্লিনিক বন্ধ, দুই চিকিৎসককে শোকজ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে বিভিন্ন অনিয়ম পাওয়ায় দুটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগে দুই চিকিৎসককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে অভিযান শুরু করেন মন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অপারেশন থিয়েটার ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভাও করেন।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্রের ঘাটতি, স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবার ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তিনি।

এসব অভিযোগে ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’ সাময়িকভাবে সিলগালা করা হয়। একই অভিযোগে ‘ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল’ সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারলে প্রতিষ্ঠানটিও সিলগালা করা হবে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া সরকারি অফিস চলাকালে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্লিনিক দুটি পরিদর্শনে প্রয়োজনীয় লাইসেন্স পাওয়া যায়নি এবং নরমাল ডেলিভারির ব্যবস্থা ছিল না। স্বাস্থ্যসেবায় এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সুযোগ পাবে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে এবং দায়িত্বে অবহেলা বা অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ক্যানসার ইউনিট, ফিজিওথেরাপি ইউনিট ও কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় একটি করে শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ