Views Bangladesh Logo

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, হাসপাতালের উপ-পরিচালক প্রত্যাহার

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের চরম অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের দেরিতে উপস্থিতির প্রমাণ পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। দায়িত্বে অবহেলার দায়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ নোয়াখালী জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা টয়লেট দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অনেক চিকিৎসককে নির্ধারিত সময়ে উপস্থিত পাননি।

প্রশাসনিক শিথিলতা দেখে পরিদর্শনস্থল থেকেই সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে মোবাইলে কল করে উপ-পরিচালককে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামানের সঙ্গেও কথা বলে হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা নোংরামি বরদাশত করা হবে না। ডাক্তাররা সময়মতো আসবেন না, হাসপাতাল নোংরা থাকবে — এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের পদে থাকার কোনো অধিকার নেই।'

মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পরিবেশ উন্নত না হলে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত না হলে আরও বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ