Views Bangladesh Logo

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, অনুপস্থিতির দায়ে দুই চিকিৎসক বরখাস্ত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসক এবং চুরির অভিযোগে এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করেছেন।

রোববার (২৬ জুলাই) তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

বরখাস্ত হওয়া চিকিৎসকেরা হলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্নী এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোহানা সেলিম। এছাড়া তালা হাসপাতালে এসি চুরির অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি ও আচরণ সম্পর্কে খোঁজ নেন। তিনি হাসপাতালের টিকিট কাউন্টার, অপারেশন থিয়েটার, ওয়ার্ড, রান্নাঘর ও স্টোররুমও ঘুরে দেখেন। রান্নাঘরের খাবারের মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার চাকরির আবেদন জানালে স্বাস্থ্যমন্ত্রী তাকে আগামী ১ আগস্ট সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডে যোগদানের নির্দেশ দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কাওসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ