Views Bangladesh Logo

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধান ও রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে গেছে ঢাকা মহানগর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। বিষয়টি নিয়ে দিনভর আলোচনার মধ্যেই এবার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, এদিন দুপুরে আকস্মিকভাবে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে এসে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও খাবারের গুণগত মান সম্পর্কে জানতে চান। পাশাপাশি রোগীদের জন্য খাবার প্রস্তুতের রান্নাঘর পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, এই হাসপাতালে সব ধরনের ভ্যাকসিন মজুত রয়েছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদেরও খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ