হাসপাতালে রোগীদের খাবার দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, মুখে নিয়েই ফেলে দিলেন
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রান্নাঘর পরিদর্শনের সময় তরকারি মুখে নিয়েই তা ফেলে দেন তিনি।
বুধবার (২০ মে) সকালে আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন নজরুল ইসলাম মঞ্জু এবং হুরে জান্নাত।
পরিদর্শনের শুরুতে হাসপাতালের জলাতঙ্ক টিকা কর্নারে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে রোগী ও স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে টিকা না থাকায় বাইরে থেকে টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে।
এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তিরস্কার করেন মন্ত্রী। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে জানতে চাইলে তত্ত্বাবধায়ক বলেন, টিকার সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে।
তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় যোগাযোগই করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে আরও ক্ষুব্ধ হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য রান্না করা তরকারির মান পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী। খাবারের নিম্নমান দেখে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?
এরপর হাসপাতাল সুপারকে ভালো মানের খাবার সরবরাহের নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আগুনে ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটারও পরিদর্শন করেন।
উল্লেখ্য, বুধবার সকাল ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ও ওটি রুমে আগুন লাগে। আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে