বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতা জোরদারে প্রণয় ভর্মার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা আজ (২৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে চিকিৎসা গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে পারস্পরিক বিনিময়, ক্যান্সার চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির উন্নয়ন। এ ছাড়া সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন জনকেন্দ্রিক উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।
উভয় পক্ষ সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সংযোগ স্থাপন, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বাস্থ্যসেবায় সহযোগিতার প্রস্তাবও পর্যালোচনা করেন।
দুই দেশের অভিন্ন অগ্রাধিকার এবং পারস্পরিক কল্যাণ ও সুবিধার ভিত্তিতে এই সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে