হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
নওগাঁ জেনারেল হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে ওই রোগীর স্যালাইন কেনার টাকা নিজের পকেট থেকে পরিশোধ করে দেন তিনি। এ ঘটনায় দায়িত্বে থাকা এক নার্সকে সতর্কও করেন মন্ত্রী।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যার নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী প্রায় এক ঘণ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনের একপর্যায়ে মজুত থাকা স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এতে সংশ্লিষ্ট নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে ওই রোগী বাইরে থেকে যে স্যালাইন কিনেছিলেন, তার টাকা নিজের পকেট থেকে ফেরত দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়ে অনুপস্থিত চিকিৎসকদের মোবাইল ফোনে কল করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি তাদের অনুপস্থিতির কারণ জানতে চান।
পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু অনিয়ম পাওয়া গেছে। স্যালাইন মজুত থাকার পরও রোগীকে তা দেওয়া হচ্ছিল না। এছাড়া একজন চিকিৎসককেও অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, সরকার এ জন্য নানা উদ্যোগ নিয়েছে। খুব শিগগির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
পরিদর্শনের সময় নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতামত দিন