আদ্-দ্বীন হাসপাতালের অব্যবস্থাপনায় সংসদে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের ভেতরে বাণিজ্যিকভাবে বেকারি পরিচালনা, প্লাস্টিক বর্জ্যের স্তূপ এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তুলে তিনি বলেন, চিকিৎসাসেবার পরিবেশ নষ্ট করে এমন কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ভেতরে বেকারি কারখানা, প্লাস্টিক বর্জ্যের স্তূপ ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দূষণ সাম্প্রতিক সময়ে নবজাতকদের মৃত্যুর ঘটনার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে কীভাবে নিয়মনীতি উপেক্ষা করে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়।
গত মে মাসে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এসি) ব্যবস্থা বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাইপারক্যাপনিয়ায় আক্রান্ত নবজাতকদের চিকিৎসার সময় জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদেরও পাওয়া যায়নি এবং কার্বন ডাই-অক্সাইডের বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে।
তিনি জানান, ঘটনার পরদিন নিজে হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে অবগত হন। একই সঙ্গে অভিযোগ করেন, এত বড় ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের পাশে দাঁড়ায়নি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতাল চত্বরে যেভাবে দাহ্য প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছে, তাতে সামান্য অগ্নিকাণ্ড ঘটলেও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসব অনিয়ম ও লাইসেন্সের শর্ত ভঙ্গের কারণে স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স স্থগিত করেছে। পাশাপাশি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সরকারি তদারকিতে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে।
বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, এ পদক্ষেপকে দলীয় বিবেচনায় নেওয়া হয়নি; মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সব হাসপাতালকে কঠোর শৃঙ্খলার আওতায় আনা হবে।
বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলনই এবারের বাজেট। অতীতে ভ্যাট চালুর সময় যেমন বিরোধিতা হয়েছিল, তেমনি বর্তমান রাজস্ব বাজেটের গুরুত্বও সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে।
মতামত দিন