রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের সংকটে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ধরনের অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি ফোন করার পর তিনি (পরিচালক) দাবি করেন, মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। কিন্তু গতকাল প্রতিবেদন পাওয়ার পর দেখা গেল, মিডিয়া যা বলেছে তা–ই সত্য। তিনি আর বিষয়টি অস্বীকার করতে পারেননি।’
সরকারি প্রক্রিয়ায় সময় লাগায় জরুরি ভিত্তিতে ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা করছেন বলেও জানান তিনি। কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তায় ইতোমধ্যে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হচ্ছে এবং আরও দুটি আনার চেষ্টা চলছে।
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই সেবার মান, আচরণ এবং দায়িত্বশীলতার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের অতিরিক্ত কর্মব্যস্ততা বা ক্লান্তির কারণে অনেক সময় ভুলত্রুটি ঘটে, যা রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া, কিছু চিকিৎসকের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এসব কর্মকাণ্ড চিকিৎসা নীতিমালার পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিজের চিকিৎসা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, গুরুতর আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার ছাড়াই বিকল্প চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন তিনি।
শেষে চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, পড়াশোনা এবং নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হালনাগাদ জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে