Views Bangladesh Logo

ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যয়ে ৮০ শতাংশ ছাড় দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ শয্যা (বেড) ফাঁকা রাখার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আক্রান্তদের বেড ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার (ইনভেস্টিগেশন) খরচের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে।


মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কারও বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। মশার লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হবে।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি এ বছর কোন পর্যায়ে গিয়ে ঠেকবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না হলেও, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে আগামী সপ্তাহ থেকেই চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে। দেশের ৬৪টি জেলায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে, যেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হলে কোন ধরনের পরীক্ষা করতে হবে, কী ওষুধ দিতে হবে এবং সামগ্রিক চিকিৎসা প্রোটোকল কেমন হবে সে বিষয়ে চিকিৎসকদের একটি সমন্বিত ও স্পষ্ট ধারণা দেওয়া হবে।


একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে দেশের সব বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোট বেডের ১০ শতাংশ সিট খালি এবং ফ্রি রাখতে হবে। আগামী ৩ দিনের মধ্যে এই ফ্রি বেডের মোট সংখ্যা কত, তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু ভ্যাকসিন এখনো সারা বিশ্বে সর্বজনীন বা পুরোপুরি কার্যকর না হওয়ায় এই মুহূর্তে দেশে কোনো ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান মন্ত্রী।


এদিকে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আগামী শনিবার সকাল ১০টায় ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের সব বিভাগীয় শহরে র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এবং এই বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন আগামী ৩ মাস ধরে দেশব্যাপী চলমান থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ