Views Bangladesh Logo

ভারতীয় সমর্থকদের অনলাইন আক্রমণের অভিযোগ হেডের স্ত্রীর

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আইপিএলে মাঠের লড়াই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। এবার ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে অনলাইন আক্রমণের গুরুতর অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২২ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ট্রাভিস হেডের করমর্দন না করার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পর থেকেই হেড ও তার স্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য ও আক্রমণ শুরু হয়েছে বলে অভিযোগ করেন জেসিকা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাডভার্টাইজার’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি সামাজিক মাধ্যমে আমার ওপর ঢালাওভাবে আক্রমণ করা হয়েছে। শুধু আমরা নই, আমার বন্ধু ও পরিবারের সদস্যদেরও আক্রমণ করা হচ্ছে।

এ ধরনের পরিস্থিতির মুখে এবারই প্রথম পড়েননি জেসিকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পরও সামাজিক মাধ্যমে তাকে আক্রমণের শিকার হতে হয়েছিল। সেই স্মৃতি টেনে এনে তিনি বলেন, এবারকার ঘটনাও যেন সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি।

জেসিকার ভাষ্য, খেলাধুলায় আবেগ থাকতেই পারে, কিন্তু ক্রিকেটারদের পরিবারকে লক্ষ্য করে আক্রমণ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ক্রিকেটাররাও মানুষ, তাদেরও পরিবার আছে। খেলাধুলায় মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক আচরণ নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।

গত ম্যাচে মাঠে কোহলি ও হেডের মধ্যে কথোপকথন নিয়েও আলোচনা হয়। ম্যাচ শেষে হেড করমর্দনের জন্য এগিয়ে এলেও কোহলি হাত মেলাননি বলে সামাজিক মাধ্যমে দাবি ওঠে। এরপর থেকেই বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৫৫ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেও প্লে-অফে সেরা দুইয়ে থাকতে পারেনি। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। আর পরদিন এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে হায়দরাবাদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ