Views Bangladesh Logo

নেত্রকোণায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নেত্রকোণার পূর্বধলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটিতে থাকা ব্যক্তিরা নেত্রকোণার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (রহ.)-এর বার্ষিক ওরসে যোগ দিতে যাচ্ছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যোগাযোগ স্বাভাবিক করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ