Views Bangladesh Logo

মুগদায় খণ্ডিত মরদেহের পর উদ্ধার হলো মাথা

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাসার বেজমেন্ট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় এসেছে। রোববার দুপুরে সাতটি টুকরোয় বিভক্ত মরদেহটি উদ্ধারের পর একই রাতে মানিকনগর থেকে উদ্ধার হয়েছে সেই মরদেহের মাথা।

রোববার (১৭ মে) রাত আড়াইটার দিকে মুগদার পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝের গলি থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুগদা থানার তদন্ত পরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দেহটি সাতটি টুকরোয় কাটা ছিল এবং পচা-গলা অবস্থায় পাওয়া যায়। পেট থেকে নাড়িভুঁড়িও বেরিয়ে গিয়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনে ভরে বেজমেন্টে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মাথাটি একই মরদেহের কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ