আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় বহাল রেখে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
শনিবার (৩ মে) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন স্বাক্ষরিত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
এর আগে, গত ১৬ মার্চ হাইকোর্ট এই মামলার রায় ঘোষণা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় প্রদান করেন।
মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানির সময় মোট ৬ হাজার ৬২৭ পৃষ্ঠার নথি পর্যালোচনা করা হয়, যা গত ১০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে দ্বিতীয় বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার বাবা বাদী হয়ে মামলা করেন। ঘটনার ৩৭ দিনের মাথায় ১৩ নভেম্বর ডিবি পুলিশ চার্জশিট দাখিল করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বুয়েট ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী। তাদের মধ্যে রয়েছেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ এবং আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা।
রায় ঘোষণার সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, আসামিপক্ষের আইনজীবী এবং আবরারের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে