ইশরাকের মেয়র হিসেবে শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে শুনানি আজ
বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ স্থগিত চেয়ে করা একটি রিট আবেদনের শুনানি আজ দুপুর ১টায় হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি মো. আক্রাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে, ইশরাককে নির্বাচিত মেয়র ঘোষণা করা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে ইশরাক হোসেনকে পরাজিত করে বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত মেয়র ঘোষণা করে।
ট্রাইব্যুনালের রায়ের পর গত ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে আবেদন করা হয়। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে