Views Bangladesh Logo

ইশরাকের শপথ স্থগিত চেয়ে রিটে হাইকোর্টের আদেশ আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে না দেয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টায় আদেশ দেবেন হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে আদেশের এই সময় নির্ধারণ করেন।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টায় রিটের শুনানি শুরু হয়েছিল, যা দুই ঘণ্টা ধরে চলে। পরে তা মুলতবি করে আবারও ওই দিন বিকেল ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি চলে। শুরুতে শুনানি ও আদেশের সময় নির্ধারণ ছিল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে। তবে পরে তা পেছিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেয়া হয়।

মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তি আইনজীবী কাজী আকবর আলীর মাধ্যমে এই রিট দায়ের করেন। এতে নির্বাচন ট্রাইব্যুনালের রায় স্থগিত করে ইশরাককে মেয়র ঘোষণা না করতে এবং তাকে শপথ না করাতে সংশ্লিষ্টদের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সঙ্গে ইশরাকের পক্ষে রায় দেয়া ট্রাইব্যুনাল বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

মামলাটি রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি এক পক্ষের মেয়র ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করেছে, যেখানে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ইশরাকপন্থী কর্মীদের চলমান প্রতিবাদ পরিস্থিতিকে কেন্দ্র করে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ