Views Bangladesh Logo

উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মামুন মাহবুব। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. মেহেদী হাসান।

এর আগে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহসহ ২৩৬ জন এ রিট আবেদন করেন।

রিটের বিষয়ে আইনজীবী মামুন মাহবুব জানান, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালে উপজেলা পরিষদ আইনের ১৩(ঘ) ধারা সংশোধন করে। সংশোধিত আইনে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে বা জনস্বার্থে যেকোনো বা সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কিংবা অন্যান্য সদস্যকে সরকার অপসারণ করতে পারবে—এমন বিধান যুক্ত করা হয়।

এরপর ওই বিধানের আওতায় এক আদেশে দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

মামুন মাহবুব বলেন, রিটে উপজেলা পরিষদ আইনের সংশোধন এবং এর ভিত্তিতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট সংশোধিত আইন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ