Views Bangladesh Logo

জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে জনবহুল এলাকা—বিশেষ করে ঢাকায় ত্রুটিপূর্ণ বিমান ও অন্যান্য উড্ডয়নযোগ্য বিমানের চলাচলে নিষেধাজ্ঞা জারিরও আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) এ সংক্রান্ত রিটটি দায়ের করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। তারা আদালতের কাছে এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট সব তথ্য প্রকাশের দাবি জানান।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বিমানবাহিনীর অধীনে বর্তমানে কত সংখ্যক ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে—তা জানতে হাইকোর্টের নির্দেশনা প্রয়োজন।

এ ছাড়াও রিটে এই ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে ।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ