বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ
ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও নির্বাচনী নথি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই আসনের অন্য প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে।
ভোটের ফল চ্যালেঞ্জ করে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা মামলা শুনানির জন্য গ্রহণ করে আজ বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফল চ্যালেঞ্জ করেই তিনি হাইকোর্টে মামলা করেছেন।
মতামত দিন