রুল খারিজ, তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাধা নেই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সব ধরনের গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এদিন আদালতে ওই রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ প্রত্যাহারের আবেদন করে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা বলেন, আমি আদালতে এই রিট মামলা আর চালাতে চাই না।
এর আগে ২০১৫ সালের ৬ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন এই আইনজীবী। দায়ের করা রিটে বলা হয়, তারেক রহমান একজন ফেরারি আসামি। তিনি সংবিধান লঙ্ঘন করে ও বেআইনিভাবে বক্তব্য দিচ্ছেন। একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার হতে পারে না। যাকে আদালত খুঁজে পাচ্ছেন না, তার বক্তব্য প্রচারযোগ্য নয়। এ জন্য কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার, পুনঃউৎপাদন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চেয়েছিলেন তিনি।
পরদিন রিটের শুনানি নিয়ে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে