Views Bangladesh Logo

বাংলাদেশে 'রিপাবলিক বাংলা' চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বাংলাদেশে বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, রিপাবলিক বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধে এবং এর অনলাইন কনটেন্ট ব্লকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ কেন—তা ব্যাখ্যা করতে হবে।

এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে অভিযোগ করা হয়েছে, ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলটি শুধু স্যাটেলাইটের মাধ্যমে নয়, ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী মিথ্যা ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছে।

অভিযোগে বলা হয়, চ্যানেলটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক কনটেন্ট প্রচার করছে এবং চট্টগ্রাম বিভাগকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার মতো ভয়াবহ অপপ্রচার পর্যন্ত চালিয়েছে।

এছাড়া, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট ও ‘মিডিয়া আগ্রাসনের’ মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলেও রিটে উল্লেখ করা হয়।

রিটকারী আইনজীবী জানান, এর আগেও এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করে এই রিট দায়ের করা হয়।

হাইকোর্টের রুলে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ