এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর ফলে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত কার্যত বাতিল হয়ে গেল। আদালত এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।
এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায়ের দিন ধার্য করেছিলেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
মামলার তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।
এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২৭ জানুয়ারি আদালত নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। পরে আপিল বিভাগে লিভ টু আপিল হলেও সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখা হয়।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিলে বৃহস্পতিবার হাইকোর্ট চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
মতামত দিন