বাংলাদেশ সিরিজকে নতুন অভিজ্ঞতা ও রোমাঞ্চের সুযোগ দেখছেন হ্যাজলউড
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে নতুন অভিজ্ঞতা ও রোমাঞ্চের সুযোগ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টেস্টে খুব কমবার মুখোমুখি হওয়ায় বর্তমান অস্ট্রেলিয়া দলের বেশির ভাগ ক্রিকেটারেরই বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সীমিত। হ্যাজলউড নিজেও টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন মাত্র একটি ম্যাচ, সেটি ২০১৭ সালে মিরপুরে, যেখানে তিনি উইকেটশূন্য ছিলেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটবিষয়ক ‘আনপ্লেয়েবল পডকাস্ট’-এ হ্যাজলউড বলেন, সিরিজ শুরুর আগে অনেক কিছুই অজানা। মাঠের অবস্থা, উইকেটের আচরণ এবং প্রতিপক্ষের ধরন সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তবে এসব অজানা বিষয়ই তাঁর কাছে রোমাঞ্চের। তাঁর মতে, ভিডিও বিশ্লেষণ থেকে ব্যাটসম্যানদের সম্পর্কে ধারণা পাওয়া গেলেও মাঠে নেমে পরিস্থিতি বুঝে তাৎক্ষণিকভাবে পরিকল্পনা বদলাতে হতে পারে, আর সেটিই টেস্ট ক্রিকেটের অন্যতম আকর্ষণ।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক পেসার কেন রিচার্ডসন মনে করেন, ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের উইকেট অস্ট্রেলিয়ার প্রচলিত বাউন্সি উইকেটের মতো হবে না। তাঁর ধারণা, এখানে অতিরিক্ত সুইং বা বাউন্সের পরিবর্তে ধীরগতির ও নিচু বাউন্সের উইকেট দেখা যেতে পারে, যা অনেকটা বাংলাদেশের কন্ডিশনের মতো আচরণ করবে।
হ্যাজলউড জানান, টেস্ট ক্রিকেটে তিনি সব সময় সহজ পরিকল্পনা নিয়ে খেলতে পছন্দ করেন। তাঁর মতে, মূল বিষয় হলো পরিকল্পনাটি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা। পরিস্থিতি বদলালে কৌশলও বদলানো যায়, আর টেস্ট ক্রিকেটে সেই সুযোগ থাকে। টি–টোয়েন্টিতে সেই সময় পাওয়া যায় না, কারণ সামান্য ভুলও বড় শাস্তি ডেকে আনতে পারে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। এর আগে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে।
মতামত দিন