Views Bangladesh Logo

হকারদের পুনর্বাসনে স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও আইডি কার্ড দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

হকারদের পুনর্বাসনের লক্ষ্যে তাদেরকে স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড সংবলিত আইডি কার্ড দেওয়া হবে। তবে এই সেবা কার্যক্রম বজায় রাখতে হকারদের সামান্য ফি দিতে হতে পারে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁসে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে যে আমরা সাময়িক কাজগুলো বেশি করি। দীর্ঘমেয়াদি বা লং টার্ম চিন্তা করে কাজ করছি না। এভাবে চলতে থাকলে আসলে কাজের কাজ কিছুই হবে না। শুধু সেমিনার আর ডকুমেন্টস করে লাভ নেই, আমাদেরকে কাজের উদ্যোগে বেশি মনোযোগী হতে হবে।

হকারদের বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তারা মানুষ, তাদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি না দেখতে। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ছয়টি খোলা জায়গা নির্ধারণ করেছি। সেখানে তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং কিউআর কোডসহ আইডি কার্ড দেব যাতে কেউ নকল করতে না পারে। তাদের নির্দিষ্ট ডিজাইনের চৌকি থাকবে, যা রাতে বাসায় নিয়ে যেতে হবে। সিটি করপোরেশন ওই জায়গাগুলো পরিষ্কার ও মেইনটেইন করার জন্য তাদের কাছ থেকে একটি সামান্য ফি নেবে।

মশা নিধন কার্যক্রমে ফগিং মেশিনের অসারতা নিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ফগিং মেশিনে আসলে মশা মরে না, ধোঁয়ায় মশা একটু অজ্ঞান হয়। আমি নিজে ল্যাব টেস্ট দেখেছি, ২৪ ঘণ্টা পর বোঝা যায় মশা মরেছে কি না। আমরা এখন নতুন ওষুধের কথা ভাবছি। একই ওষুধ বারবার ব্যবহার করলে মশা তা সহ্য করে ফেলে (রেজিস্ট্যান্ট হয়ে যায়), তাই অল্টারনেট করে ওষুধ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার ২৯টি খালের ১৯টি ইতোমধ্যে পরিষ্কার করা হলেও জনগণের অসচেতনতায় তা আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বিশেষ করে প্যারিস খালের চিত্র তুলে ধরে তিনি বলেন, দুই মাসে নয়বার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পরও তিনদিন পরেই সেখানে দেখা যায় প্লাস্টিকের বোতল আর কম্বল পড়ে আছে। এই সংকট মোকাবিলায় স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে খালের আশেপাশে বর্জ্য নিক্ষেপকারীদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানার বিধান প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ