দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে বালতি-পাতিল নিয়ে তেল লুটের হিড়িক
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকায় জ্বালানি তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়দের মধ্যে হিড়িক পড়েছে। বালতি, পাতিল, জগ ও গামলা নিয়ে নারী-পুরুষ ও শিশুরা তেল সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হলে পাঁচটি তেলবাহী ট্যাংকার বগি ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ ডিজেল আশপাশের জমি ও খালে ছড়িয়ে যায়। দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, এখন পর্যন্ত প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সাধারণ মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ম্যানেজার এ বি এম কামরুজ্জামান বলেন, তেল সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের নিরুৎসাহিত করা হয়েছে। তারপরও অনেকে তা সংগ্রহ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, ছড়িয়ে পড়া তেল না তুললে তা পানিতে মিশে দূষণ সৃষ্টি করত। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের তেল সংগ্রহে আগুন লাগা বা দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
দুর্ঘটনার কারণে সিলেটগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। উদ্ধার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে