সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ায় হাতিয়ার ইউএনও ওএসডি
নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে এক নারীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান সুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের নির্দেশ জারি করা হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হাতে পেয়েছেন।
এর আগে সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তবে ইউএনওর দাবি, ভিডিওটি তাঁর সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন।
এ বিষয়ে মো. আলাউদ্দিন বলেন, আগের কর্মস্থলের কিছু বিরোধের জেরে শত্রুতাবশত কেউ এ ধরনের কাজ করেছে। তিনি জানান, বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে