Views Bangladesh Logo

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার হাসিবুর কারাগারে

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হওয়া প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

শনিবার সকালে রিধিকে তাঁর বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিন রিধির মা মনি বেগম বাদী হয়ে হাসিবুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা তদন্তকালে গ্রেফতার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছেন মঙ্গলবার।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ