ডিক্যাবের নির্বাচনে সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব। কূটনৈতিক প্রতিবেদকদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের আশিকুর রহমান অপু।
রবিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তারা নির্বাচিত হন।
এ ছাড়াও সংগঠনটির সহ-সভাপতি পদে বাসসের তানজিম আনোয়ার এবং ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক (সমান ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত), যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের মো. আফিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন। তা ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছে চ্যানেল আইয়ের পান্থ রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, ডিবিসির ইশরাত জাহান উর্মি, ডেইলি স্টারের পরিমল পালমা ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মাসুম বিল্লাহ।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে