Views Bangladesh Logo

অভিনয় ছেড়ে ধর্মের পথে হাসান মাসুদ, বাদ দিলেন বইপড়াও

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। একসময় নিয়মিত নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও বর্তমানে অভিনয়ের কাজ প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। নিজের জীবনে পরিবর্তন এসেছে জানিয়ে হাসান মাসুদ বলেছেন, এখন তিনি অনেকটাই ধর্মীয় জীবনের দিকে মনোযোগী হয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেন তিনি।

হাসান মাসুদ বলেন, আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।

নিজের সাম্প্রতিক ধর্মীয় জীবনের প্রসঙ্গ টেনে হাসান মাসুদ জানান, তিনি এবার হজ পালন করেছেন। এ কারণে ৪১ দিন মক্কা ও মদিনায় ছিলেন।

তিনি বলেন, আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে—মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।

নিজের জীবনের এই পরিবর্তনের পাশাপাশি বই পড়ার অভ্যাস নিয়েও কথা বলেন হাসান মাসুদ। একসময় প্রচুর বই পড়লেও বর্তমানে তিনি আর বই পড়েন না বলে জানান।

হাসান মাসুদ বলেন, আসলে বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি, এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না।

বই পড়ার কারণে নিজের মধ্যে এক ধরনের অনুভূতিহীনতা তৈরি হয়েছিল বলেও জানান তিনি। উদাহরণ দিতে গিয়ে হাসান মাসুদ বলেন, আমার সামনে যদি একটা ট্রাকে চাপা পড়ে একজন মারা যেত, তখন আমি ভাবতাম—লোকটার ভুলেই তো লোকটা মারা গেছে। এরকম যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। কোনো সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করত না।

এরপর নিজের সংগ্রহে থাকা বিপুলসংখ্যক বই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষ্য, প্রায় ১ হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দিয়েছেন। এরপর থেকে আর বই পড়েন না তিনি।

হাসান মাসুদের কর্মজীবনের শুরু অবশ্য অভিনয় দিয়ে নয়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতায় যুক্ত হন হাসান মাসুদ। ‘দ্য নিউ নেশন’-এ কাজ করার পর ১৯৯৫ সালে ‘দ্য ডেইলি স্টার’-এ ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। পরে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর চলচ্চিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করতে থাকেন।

‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অসংখ্য নাটকে দেখা গেছে তাকে। ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের ‘আজকে না হয় ভালোবাসো’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ