ন্যাম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ
উগান্ডার রাজধানী কাম্পালায় শুরু হয়েছে ১৯তম ন্যাম সম্মেলন। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।
এবারের ন্যাম সম্মেলনের থিম হচ্ছে ‘শেয়ারড গ্লোবাল অ্যাফ্লুয়েন্সের জন্য গভীর সহযোগিতা’। স্পেক রিসোর্ট মুনিওনিও কনভেনশন সেন্টারে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এ সম্মেলন।
সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে বৈশ্বিক সমৃদ্ধি নিশ্চিত করতে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এ সময় পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত অগ্রগতির কথা তুলে ধরেন এবং সেই সাথে বলেন, বাংলাদেশের জনগণ একটি ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাঁকে পুনরায় নির্বাচিত করেছে।
স্বল্পোন্নত দেশগুলিকে সাহায্য করার জন্য এবং পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার জন্য ন্যামভুক্ত রাষ্ট্রগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
দুই দিনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব নিয়ে আলোচনা হবে এবং বৈঠক শেষে গাজায় ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে ন্যাম।
এ ছাড়াও বৈঠকে ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়ন থেকে ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য তাদের ন্যায্য অধিকার ও ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব।
তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য নিরপেক্ষ আন্দোলনের সদস্যভুক্ত দেশগুলোকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে