‘হ্যারি পটার’ সিরিজের দ্বিতীয় সিজনে যুক্ত হলেন যেসব অভিনেতা
এইচবিওর বহুল প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ সিরিজের দ্বিতীয় সিজনে যুক্ত হয়েছেন আরও তিন অভিনেতা। নতুন কাস্টে রয়েছেন রাফে স্পল, মলি হিউইট-রিচার্ডস ও জ্যাসপার অ্যামব্রোস। তারা যথাক্রমে আর্থার উইজলি, মোনিং মার্টল ও কলিন ক্রিভি চরিত্রে অভিনয় করবেন।
‘ট্রাইং’ ও ‘লাইফ অব পাই’সহ বিভিন্ন চলচ্চিত্র ও সিরিজে অভিনয়ের জন্য পরিচিত রাফে স্পল এবার রন উইজলির বাবা আর্থার উইজলির ভূমিকায় দেখা দেবেন। উইজলি পরিবারের কর্তা আর্থারের সঙ্গে হ্যারি পটারেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
অন্যদিকে মলি হিউইট-রিচার্ডস অভিনয় করবেন মোনিং মার্টল চরিত্রে। হগওয়ার্টসের সাবেক এক শিক্ষার্থীর ভূত এই চরিত্রকে স্কুলের মেয়েদের একটি বাথরুমে দেখা যায়। জ্যাসপার অ্যামব্রোসকে দেখা যাবে হগওয়ার্টসের প্রথম বর্ষের শিক্ষার্থী কলিন ক্রিভির চরিত্রে। ফটোগ্রাফির প্রতি আগ্রহী কলিন আবার হ্যারি পটারেরও বড় ভক্ত।
আগেই জানানো হয়েছে, দ্বিতীয় সিজনটি জে কে রাউলিংয়ের জনপ্রিয় বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ অবলম্বনে নির্মিত হবে। ফলে নতুন সিজনে বইটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রের উপস্থিতি থাকছে।
হ্যারি পটার সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে এর আগে আর্থার উইজলি চরিত্রে অভিনয় করেছেন মার্ক উইলিয়ামস। মোনিং মার্টলের ভূমিকায় ছিলেন শার্লি হেন্ডারসন এবং কলিন ক্রিভি চরিত্রে অভিনয় করেছিলেন হিউ মিচেল।
এর আগে দ্বিতীয় সিজনের জন্য আরও কয়েকজন নতুন অভিনেতার নাম ঘোষণা করেছে এইচবিও। নতুন-পুরোনো কাস্টের সমন্বয়ে সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।
এইচবিওর ‘হ্যারি পটার’ সিরিজের দ্বিতীয় সিজন আগামী ২৫ ডিসেম্বর এইচবিও ও এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মতামত দিন