Views Bangladesh Logo

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা মাসে সাড়ে ৭ হাজার টাকা পাবেন: কৃষিমন্ত্রী

দেশের হাওরাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা মাসে ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা করে পাবেন।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল এবং সংশ্লিষ্ট অন্যান্য উৎস থেকে এই সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে তিন মাস ধরে এই অর্থ সহায়তা কার্যকর থাকবে। তবে ক্ষতির পরিমাণ বিবেচনায় সহায়তার পরিমাণ ভবিষ্যতে বাড়ানো হতে পারে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে মাঠপর্যায়ে কাজ চলছে এবং একটি কমিটি গঠন করা হচ্ছে। সরকারের লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

এ সময় কৃষিমন্ত্রী আলুর বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, দেশে বাম্পার ফলন হলেও অনেক কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে সরকার কৃষক কার্ড ব্যবস্থা চালু করেছে, যা পুরোপুরি কার্যকর হলে উৎপাদন পরিকল্পনা আরও সহজ হবে।

তিনি বলেন, পরিকল্পিত উৎপাদনের মাধ্যমে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারাও ন্যায্য দামে পণ্য কিনতে পারবেন। প্রয়োজনে ভবিষ্যতে উৎপাদন ব্যবস্থায় কোটাভিত্তিক পরিকল্পনাও বিবেচনায় আনা হতে পারে।

মন্ত্রী আরও জানান, দেশে এখন বিশেষ ধরনের আলু উৎপাদন শুরু হয়েছে, যা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস তৈরি করা যায়। আগে এসব আলু আমদানি করতে হলেও এখন দেশে উৎপাদন হচ্ছে এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।

সীমান্ত দিয়ে গরু আসা প্রসঙ্গে তিনি বলেন, কিছু সীমান্ত হাট বন্ধ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দেশে গরুর ঘাটতি নেই।

সবশেষে তিনি বলেন, তরুণ প্রজন্মের কৃষি ও খামার ব্যবস্থাপনায় আগ্রহ বাড়ছে, যা দেশের কৃষিখাতের জন্য ইতিবাচক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ