হাতিয়ায় হান্নান মাসুদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার প্রজেক্ট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এমপি হান্নান মাসুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন, বিএনপির কর্মী-সমর্থকরা তার গাড়িতে হামলা চালান। তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে এবং পরিস্থিতি পরিদর্শনে ওই এলাকায় যান এমপি হান্নান মাসুদ। প্রজেক্ট বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থক ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে এমপি নিজেই সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান করছে। ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লাইভে হান্নান মাসুদ বলেন, আমি প্রজেক্ট বাজার এলাকা পরিদর্শনে এসেছিলাম। তখন বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাইব মোহাম্মদ আরিফ হোসেন জানান, ঘটনা জানার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে