Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেঁতুলিয়া-টেকনাফ রোডমার্চ শুরু ‘হানিফ বাংলাদেশির’

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি চলমান সংসদে বাতিলের দাবিতে রোডমার্চ শুরু করেছেন মোহাম্মদ হানিফ ওরফে ‘হানিফ বাংলাদেশি’।

শনিবার (১৩ জুন) সকালে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলগাছ তলা থেকে তিনি এই কর্মসূচির সূচনা করেন। পরে দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে রোডমার্চের অংশ হিসেবে সমাবেশ ও কর্মসূচি পালন করেন তিনি।

হানিফ বাংলাদেশি জানান, তার নেতৃত্বে এই রোডমার্চ প্রতিদিন বিভিন্ন জেলা হয়ে অগ্রসর হবে এবং ১৮ জুন কক্সবাজারের টেকনাফে গিয়ে শেষ হবে।

কর্মসূচিতে তার সঙ্গে বাংলাদেশ সমতা পার্টির কয়েকজন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

সমাবেশে হানিফ বাংলাদেশি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি দেশের স্বার্থবিরোধী। এটি চলমান সংসদে উপস্থাপন করে বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, দেশবিরোধী এই চুক্তির দায়ে মুহাম্মদ ইউনূসসহ তার সরকারের উপদেষ্টাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

এদিকে, হানিফ বাংলাদেশি অতীতেও বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচি হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা, প্রতীকী প্রতিবাদ এবং লাল কার্ড প্রদর্শনের মতো কর্মসূচি পালন করেছেন।

তিনি জানান, ভোটাধিকার, সীমান্ত হত্যা ও দুর্নীতির বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ