নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলতা বেগম খাজুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ছিলেন। তিনি খোর্দ কালনা গ্রামের মৃত সবিজের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ইউপি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন আলতা বেগম। ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে হেরে যান। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান। পরে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।
প্রায় দুই বছর আগে স্বামীর মৃত্যুর পর আবারও তার মানসিক সমস্যা দেখা দেয় বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ছিলেন আলতা বেগম। শুক্রবার সকালে তাকে ডাকলে শরীর খারাপ লাগছে বলে জানান তিনি। পরে আবার শুয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার সময় চার্জার ভ্যানেই তার মৃত্যু হয়।
খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, মানসিক সমস্যার কারণে আলতা বেগম অধিকাংশ সময় বিষণ্ন থাকতেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
মতামত দিন