Views Bangladesh Logo

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থী তাওহীদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ বছরের তাওহীদ মাদ্রাসাটির হিফজ বিভাগের ছাত্র এবং চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৬ নভেম্বর) রাতে মাদ্রাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি, তাওহীদকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, তাওহীদের কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে থেঁতলানোর মতো কালো দাগ দেখা গেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তাওহীদ আত্মহত্যা করেছে। তাদের দাবি, তাওহীদ দুপুর দুইটায় ওয়াশরুমে গিয়েছিলো এবং অনেক খোঁজার পর রাত আটটায় তার মরদেহ পাওয়া যায়।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। থানায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ