বেইলি রোডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রমনার বেইলি রোডে জেবা আদিবা (৩১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জেবা পেশায় নেইল আর্টিস্ট ছিলেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে বেইলি রোডের কেএফসি গলির একটি বাসার ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেবার মরদেহ উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, দাম্পত্য কলহের কারণে জেবা মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। সকালে ইঁদুর মারার বিষ পান করার পর তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, জেবার আগে একটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি তনয় নামের আরেক ব্যক্তিকে বিয়ে করেন। স্বামীকে সন্দেহ করা নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
তবে দাম্পত্য কলহের বাইরে তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
জেবা আদিবার বাবা মৃত আবুল আহসান। তাঁদের পরিবারের বাড়ি রাজধানীর নিউ ইস্কাটনে।
মতামত দিন